আন্তর্জাতিক
সাত মাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকায় সাত মাস বয়সী এক শিশুকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হেবরনের দক্ষিণে ইসরায়েলি বাহিনী একটি গাড়িতে গুলি চালালে সাত মাস বয়সী ওই শিশুসহ একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হন। পরে শিশুটি আঘাতের কারণে মারা যায়।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরজুড়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরায়েলি সামরিক অভিযানও রয়েছে।
তুবাসের দক্ষিণ-পূর্বে অবস্থিত আতুফ গ্রামে বসতি স্থাপনকারীরা একদল ফিলিস্তিনি কৃষকের ওপর হামলা চালায়। পরে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা ইসরায়েলি সেনাবাহিনীর পোশাক পরেছিল।
রামাল্লার পূর্বে অবস্থিত দেইর দিবওয়ানে কিছু অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের বাড়িতে জোর করে প্রবেশ করে। বাড়ির বাসিন্দারা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে। জানা গেছে, বাসিন্দাদের একটি কক্ষে আটকে রাখা হয় এবং নজরদারি ক্যামেরাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।







