বিনোদন
৯০ বছর বয়সে প্রথমবার গ্র্যামি পুরস্কার পেলেন দালাই লামা

তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা ৯০ বছর বয়সে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’ সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে পুরস্কৃত হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো অ্যারিনায় অনুষ্ঠিত গ্র্যামির ৬৮তম আসরে এ পুরস্কার ঘোষণা করা হয়। এই বিভাগে দালাই লামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিনেত্রী কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও সংগীতশিল্পী ফ্যাব মরভান।
অ্যালবামটি প্রযোজনায় সহযোগিতা করেছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ও খ্যাতনামা সরোদ বাদক আমজাদ আলী খান এবং তাঁর দুই ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। এতে দালাই লামার বক্তৃতা ও ধ্যানমূলক বাণীর সঙ্গে ভারতীয় ধ্রুপদি সংগীতের সংমিশ্রণ ঘটানো হয়েছে। অ্যালবামজুড়ে শান্তি, সহমর্মিতা, দয়া, মানবিক ঐক্য এবং পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে।
গ্র্যামি পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় দালাই লামা বলেন, তিনি এই সম্মান কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন। তিনি এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং বিশ্ব শান্তি, মানবিক সহমর্মিতা এবং পরিবেশ রক্ষার বার্তার স্বীকৃতি হিসেবে দেখছেন।
দালাই লামার কার্যালয় জানিয়েছে, অ্যালবামটি তাঁর বিভিন্ন সময়ের বক্তৃতা ও শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি, যেখানে মানবকল্যাণ ও পৃথিবীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে প্রকল্পটি বাস্তবায়িত হয়।
প্রকল্পের সহশিল্পী আমজাদ আলী খান বলেন, দালাই লামার চিন্তা ও শিক্ষার অনুপ্রেরণায় এটি একটি গভীর ও চিন্তাশীল সংগীত প্রকল্প হিসেবে গড়ে উঠেছে, যা তাঁর জন্য বিশেষ সম্মানের বিষয়।








