আন্তর্জাতিক

নিট কেলেঙ্কারির প্রতিবাদে যন্তরমন্তরে ‘ককরোচ’ দলের কর্মসূচি, কড়া নিরাপত্তা মোতায়েন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নিট কেলেঙ্কারির প্রতিবাদে যন্তরমন্তরে ‘ককরোচ’ দলের কর্মসূচি, কড়া নিরাপত্তা মোতায়েন- খবরের থাম্বনেইল ফটো

নিট (NEET) কেলেঙ্কারির প্রতিবাদে ‘ককরোচ’ দলের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের সমর্থকেরা।


এর আগে সংগঠনটি জানিয়েছিল, অনুমতি না পেলেও তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। সে লক্ষ্যে সমর্থকদের জাতীয় পতাকা ও বই হাতে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।


কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছান সংগঠনের নেতা দীপকে। বিমানবন্দরে নামার পরই তার সঙ্গে দেখা করেন দিল্লি পুলিশের কর্মকর্তারা এবং যন্তরমন্তরে সমাবেশের অনুমতি দেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চালানোর অনুমোদন দেওয়া হয়েছে।


অনুমতি পাওয়ার পর দীপকে সমর্থকদের সরাসরি যন্তরমন্তরে উপস্থিত হওয়ার আহ্বান জানান। এর আগে অনুমতির দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার হাতে সংবিধান প্রণেতা ড. ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী দেখা যায়।


এদিকে কর্মসূচিকে ঘিরে যন্তরমন্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সেখানে অন্তত দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের কর্মসূচির সব কার্যক্রম ভিডিও ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের কোনো সন্দেহজনক আচরণ নজরে এলে সেটিও ধারণ করতে বলা হয়েছে।


এ ছাড়া সবাইকে বই ও জাতীয় পতাকা নিয়ে সমাবেশে অংশ নিতে বলা হয়েছে। সংগঠনের দাবি, সবার জন্য শিক্ষার অধিকারের প্রতীক হিসেবেই বই বহনের আহ্বান জানানো হয়েছে।


কর্মসূচি শান্তিপূর্ণ রাখার ওপরও জোর দেওয়া হয়েছে। সমর্থকদের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অংশ নিতে, কোনো উসকানি বা প্ররোচনায় পা না দিতে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যেতে বলা হয়েছে।


এ ছাড়া গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সানস্ক্রিন ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং কর্মসূচিতে যাওয়ার আগে খাবার খেয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে সংগঠনটি।


সম্পর্কিত খবর