আন্তর্জাতিক
বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইন ও কুয়েতের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
শনিবার ভোরে চালানো এ হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইন ও কুয়েতের কর্তৃপক্ষ। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
তেহরানের দাবি, কেশম দ্বীপ ও সিরিক এলাকার নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে ছয়টি ভূপাতিত করা হয় এবং একটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। পাশাপাশি কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
বাহরাইন হামলার নিন্দা জানিয়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। নতুন এ সংঘর্ষ মধ্যপ্রাচ্যে বিদ্যমান নাজুক যুদ্ধবিরতিকে আরও চাপের মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে।







