বিনোদন
বাংলাদেশের ‘স্কারলেট ইকোস’ নির্বাচিত টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবে

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’ (বাংলা শিরোনাম: রক্তিম) আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ৫৬তম টেম্পেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬–এর মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক হেমন্ত সাদীক। সিনেমার গল্প ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পটভূমিতে আবর্তিত, যেখানে প্রধান চরিত্র আদনান একজন একক বাবার জীবনকে কেন্দ্র করে আন্দোলনের দৃশ্য ফুটে উঠেছে। চলচ্চিত্রটিতে আন্দোলনের বাস্তব ফুটেজের সঙ্গে ফিকশনাল দৃশ্যের মেলবন্ধন দেখানো হয়েছে।
নির্মাতা চলচ্চিত্রটি প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়কে উৎসর্গ করেছেন, যিনি আন্দোলনের সময় প্রাণ হারান। পরিচালক হেমন্ত সাদীক জানান, চলচ্চিত্রটি নির্মাণে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে মুঠোফোন, এবং টিমের সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন।
উৎসব ৪ থেকে ৮ মার্চ ফিনল্যান্ডের টেম্পেয়ার শহরে অনুষ্ঠিত হবে। ‘স্কারলেট ইকোস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে।







