আন্তর্জাতিক
“আলোচনার কৌশল নিয়ে ঐক্যবদ্ধ ইরানি কর্মকর্তারা”

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল নিয়ে সব জ্যেষ্ঠ কর্মকর্তা ঐক্যবদ্ধ রয়েছেন। আলোচিত প্রস্তাব বা চুক্তির খসড়া নিয়ে মতপার্থক্যের সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।
ইরানের শুল্ক প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি সুস্পষ্ট ও সমন্বিত পন্থা অনুসরণ করছে।
তিনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আলোচনায় একটি নির্দিষ্ট কৌশল রয়েছে এবং এ বিষয়ে সব কর্মকর্তার মধ্যে পূর্ণ সমন্বয় আছে। আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই বলেও তিনি উল্লেখ করেন।
আরেফ আরও জানান, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যবান শিক্ষা অর্জন করেছে।






