জাতীয়

ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহক ও কর্মীদের মানববন্ধন

ডেস্ক

শেয়ারঃ

ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহক ও কর্মীদের মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত নজরুল-হেমায়েত চক্রের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী বীমা গ্রাহক ও সুবিধাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।


রোববার সকাল ১০টায় ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা নজরুল-হেমায়েত চক্রের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন।


উল্লেখ্য, রোববার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে ডিবি (ডিএমপি) পুলিশের দাখিলকৃত অভিযোগপত্রের শুনানির দিন নির্ধারিত ছিল।


এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক সিইও মো. হেমায়েত উল্যাহসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


এরও আগে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করে ডিবি (ডিএমপি) পুলিশ।


মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা দাবি জানান, অভিযুক্তদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে কোনো আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা না ঘটে। তাদের মতে, এ ঘটনার সুষ্ঠু বিচার দেশের আর্থিক খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।


এ ছাড়া, নজরুল-হেমায়েত চক্রের বিরুদ্ধে এ মামলার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও সাতটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর