সারাদেশ

৬ দফা দাবিতে শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ডেস্ক

শেয়ারঃ

৬ দফা দাবিতে শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি- খবরের থাম্বনেইল ফটো

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ইন্টার্ন চিকিৎসকরা।


রোববার দুপুর থেকে তারা হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সংহতি প্রকাশ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেন।


ইন্টার্ন চিকিৎসকরা জানান, নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন, বি এম ইউ, বি সি পি এস পরীক্ষার ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে নির্ধারণ, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।


চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন।


এর আগে সকালে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মেডিকেল কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আন্দোলনকারীরা দাবি করেন, চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন এবং প্রশিক্ষণ-সংক্রান্ত ব্যয় কমানো এখন সময়ের দাবি। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


সম্পর্কিত খবর