জাতীয়
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে সারা দেশের ১২ হাজার কলেজ শিক্ষককে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কর্মজীবন ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় পটভূমিতে বাজতে থাকে জনপ্রিয় দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বক্তব্য দেন।
নতুন পাঠ্যক্রমের আওতায় শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ লাভ করবে। এসব বিষয়ে কার্যকর পাঠদান নিশ্চিত করতে ইতোমধ্যে ৯০০ জন মাস্টার ট্রেইনার প্রস্তুত করা হয়েছে। তাঁদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।







