সারাদেশ
গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় বিষধর সাপের কামড়ে মাহাতাব হোসেন (৩৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি দুই সন্তানের জনক এবং উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
সোমবার সকালে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটী মাঠে কাজ করার সময় মাহাতাবকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে দুপুরে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমি চাষের উদ্দেশ্যে মাঠে যান মাহাতাব। এ সময় জমির আইলের পাশে একটি গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে প্রথমে চৌগাছা গ্রামের ওঝা ইদ্রিস আলীর কাছে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, ওঝা প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করলেও মাহাতাবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে ওঝা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে স্বজনরা দুপুরের দিকে মাহাতাবকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন বলেন, “সাপে কামড়ের পর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেওয়া জরুরি। দেরি হলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়।”







