সারাদেশ
মেহেরপুর সদর উপজেলায় টিআর ও কাবিখা কর্মসূচির আওতায় সাড়ে ৩৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন

২০২৫–২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলায় টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় মোট সাড়ে ৩৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর পাশাপাশি ১২ মেট্রিক টন গম ও ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক দুটি পত্রে প্রকল্পের তালিকা প্রেরণ করেন।
প্রথম পত্রে টিআর কর্মসূচির আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন জামে মসজিদের উন্নয়ন, কমিউনিটি সেন্টার নির্মাণ, কবরস্থান উন্নয়ন, সড়ক সংস্কার এবং খেলার মাঠের উন্নয়ন।
অপরদিকে, দ্বিতীয় পত্রে কাবিখা কর্মসূচির আওতায় ১৫ লাখ টাকা, ১২ মেট্রিক টন গম এবং ১২ মেট্রিক টন চাল বরাদ্দে মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে মাটি ভরাট ও সংস্কার, খেলার মাঠ উন্নয়ন এবং বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের চলাচল ও জনসেবামূলক সুবিধা আরও বৃদ্ধি পাবে।







