সারাদেশ
রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগার থেকে মুজিব-হাসিনা বিষয়ক ৩০০ বই জব্দ

রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের-সম্পর্কিত প্রায় ৩০০ বই জব্দ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১০ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীদের দাবির পর বইগুলো জব্দ করা হয়।
জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থানরত ভ্রাম্যমাণ পাঠাগারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা বিভিন্ন বই দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা পাঠাগারের বাসটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি চালিয়ে প্রায় ৩০০ বই জব্দ করেন।
এ সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বক্তব্যসংবলিত গ্রন্থ, সাময়িকী ও প্রবন্ধ ভবিষ্যতে সংরক্ষণ না করার বিষয়ে মুচলেকা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব ইমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির এবং রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রীতমসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইমদাদুল হক লিমন বলেন, পাঠাগারে বই পড়তে গিয়ে তারা আওয়ামী লীগের নেতাদের বিষয়ে লেখা বই দেখতে পান। এরপর বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।
রাকিন রায়হান রবিনের দাবি, স্বৈরাচার পতনের পরও এসব বই পাঠাগারে থাকা উদ্বেগজনক। তিনি বই জব্দের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, সংরক্ষণের পর্যাপ্ত স্থান না থাকায় বইগুলো বাসের মধ্যেই রাখা হয়েছিল। তবে সেগুলো পাঠকদের জন্য উন্মুক্ত ছিল না।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।







