সারাদেশ
দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

বাগেরহাটের শরণখোলায় হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যবসায়ী দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক থেকে আর্জেন্টিনার সমর্থকে রূপান্তরিত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রায়েন্দা বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সি পরিহিত হাবিবুর রহমানের মাথা ও শরীরে দুধ এবং ডাবের পানি ঢালছেন আর্জেন্টিনা সমর্থকরা। পরে তাকে পানি দিয়ে গোসল করানো হয়। এরপর তার পরনের ব্রাজিল জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরিয়ে দেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় আর্জেন্টিনার পতাকা। পরে তিনি নতুন জার্সি ও পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দেন।
আর্জেন্টিনার সমর্থক আলিম আল রাজি মুক্তি ও ফারুক তালুকদার জানান, দীর্ঘদিন ব্রাজিল সমর্থক থাকা হাবিবুর রহমান স্বেচ্ছায় দল বদলের কথা তাদের জানান। এরপর তিনি দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থনে যোগ দেন। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দল বদলের পর মৌসুমি ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, “খেলা বোঝার পর থেকে আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু বর্তমানে ব্রাজিলের খেলা আগের মতো ভালো লাগছে না। তাই নিজের ইচ্ছাতেই দল বদল করে আর্জেন্টিনার সমর্থক হয়েছি। আমাকে কেউ বাধ্য করেনি।”







