সারাদেশ

মুজিবনগরে সরকারি সার পাচারের সময় আটক, সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মুজিবনগরে সরকারি সার পাচারের সময় আটক, সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুরের মুজিবনগরে সরকারি সার পাচারের একটি চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোরে উপজেলার দারিয়াপুর গ্রামে বিসিআইসি সার ডিলার মেসার্স ফয়সাল ট্রেডার্সের গোডাউন থেকে সার পাচারের সময় একটি চালান আটক করেন স্থানীয়রা।


পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, দারিয়াপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স ফয়সাল ট্রেডার্সের মালিক আ. স. ম. মাহবুব আলম (রবি)-এর গোডাউন থেকে সরকারি সার অবৈধভাবে সরানোর চেষ্টা করা হচ্ছিল।


ঘটনার সময় আলম নামের এক পরিবহনকারীর মাধ্যমে ২০ বস্তা টিএসপি সার পুরুন্দরপুর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে জামিরুলের গোডাউনে নেওয়া হয়। পরে আরও ২০ বস্তা ইউরিয়া সার সরানোর সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চালানটি আটক করে এবং প্রশাসনকে খবর দেয়।


খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে ১২(৩) ধারা অনুযায়ী ডিলার আ. স. ম. মাহবুব আলম রবি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার এভাবে পাচার করা সম্পূর্ণ অবৈধ। স্থানীয় জনগণের সতর্কতায় এ অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ধরনের অনিয়ম ও কালোবাজারি রোধে অভিযান অব্যাহত থাকবে।”


এদিকে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, কিছু ডিলারের অবৈধ পাচার ও মজুতের কারণে মাঠপর্যায়ে কৃত্রিম সার সংকট তৈরি হচ্ছে। তারা এ ধরনের চক্রের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর