আন্তর্জাতিক

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ১

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ১- খবরের থাম্বনেইল ফটো

পূর্ব প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার একটি নৌকায় ফের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রাণঘাতী হামলায় একজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 


এটি মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ বলে জানায় মার্কিন বাহিনী।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


মার্কিন কর্তৃপক্ষ জানায়, এটি ‘সাউদার্ন স্পিয়ার’ নামের সামরিক অভিযানের অংশ, যা গত সেপ্টেম্বর থেকে চলছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র কার্যত লাতিন আমেরিকাভিত্তিক মাদক চক্রগুলোর বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত রয়েছে।


মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’


হামলায় থাকা দুই ব্যক্তি জীবিত রয়েছেন বলেও জানানো হয়েছে। তাদের উদ্ধারে মার্কিন কোস্ট গার্ড অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।


এএফপি’র হিসাব অনুযায়ী, ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘সাউদার্ন স্পিয়ার’ হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন।


আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে, কারণ এতে এমন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নয়।


সম্পর্কিত খবর