ক্যারিয়ার
ছাত্রশিবির আয়োজন করতে যাচ্ছে '৩৬ জুলাই স্মৃতি মেধা পুরষ্কার-২০২৬’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে স্বীকৃতি দিতে আয়োজিত হতে যাচ্ছে ‘৩৬ জুলাই স্মৃতি মেধা পুরষ্কার-২০২৬’ (৩৬ জুলাই মেমোরিয়াল মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড – ২০২৬)।
আগামী ২২ জুলাই (বুধবার) রাজধানীর বসুন্ধরা এলাকায় আয়োজিত হতে যাচ্ছে এ মেধা পুরষ্কার অনুষ্ঠানটি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ একাডেমিক সম্মাননার মঞ্চ হিসেবে পরিচিতি পাচ্ছে।
আয়োজকেরা জানান, দুটি বিভাগে এবার শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। 'এক্সেলেন্স অ্যাওয়ার্ড' (ক্যাটাগরি এ) বিভাগে মনোনীত হবেন তাঁরা, যাঁরা ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত ৪.০০-এ পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এই বিভাগে বিজয়ীরা পাবেন গোল্ড মেডেল ও সম্মাননা ক্রেস্ট। অন্যদিকে 'মেরিট রিকগনিশন অ্যাওয়ার্ড' (ক্যাটাগরি বি) বিভাগে অংশ নিতে পারবেন তৃতীয় সেমিস্টার পর্যন্ত ৩.৭০ বা তার বেশি সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা। তাঁরা পাবেন সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রেজাউল করিম জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের অবদানের স্মরণেই আমাদের এই অনুষ্ঠানের নামকরণ। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিই এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য। মেধার স্বীকৃতি না দিলে আগামীর নেতৃত্ব প্রস্তুত হবে না— এই কথাকে বিশ্বাস করেই পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে।’
আগ্রহী শিক্ষার্থীরা ২৫০ টাকা নিবন্ধন ফি প্রদান করে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকেরা যোগ্য শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। আগ্রহী শিক্ষার্থীরা ছাত্র শিবিরের অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/share/1DJhanpg3Q/) থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।







