সারাদেশ
সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপাদান জব্দ

জেলার আশাশুনি উপজেলায় আজ পুলিশের অভিযানে একহাজার কেজি নকল দুধ তৈরির উপাাদান ‘জেলি’ জব্দ করা হয়েছে।
শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়েনের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া মন্দিরের সামনে থেকে এসব নকল দুধ তৈরির জেলি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ’র নেতৃত্বে পুলিশের একটি টিম আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ঢাকা মেট্রো ন-১৩-২৯৪৫ নম্বারের ট্রাক থেকে একহাজার কেজি জেলি (রাসায়নিক উপাদান) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







