সারাদেশ
ডিসি সরওয়ারকে বহালের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করে তাকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সৈয়দ সালিম কাসিমী, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ি আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামা ও আদিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সিলেটের মানুষের আস্থা অর্জনকারী একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাদের অভিযোগ, শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কারণে একটি সুবিধাভোগী চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্বার্থসিদ্ধি করা একটি মহল একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তারা দাবি করেন, এই বদলির আদেশ সেই অপচেষ্টারই বহিঃপ্রকাশ।
মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের জনগণকে সঙ্গে নিয়ে গণসমাবেশ, বিক্ষোভ ও হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা বলেন, সিলেটের স্বার্থে এবং জনমতের প্রতি সম্মান দেখিয়ে ডিসি সরওয়ার আলমকে বহাল রাখতে হবে। জনমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না।
উল্লেখ্য, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করে।







