সারাদেশ
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বেলতলা পাড়ায় সড়কে হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় বিলকিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বেলতলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিস খাতুন বেলতলা পাড়ার বাসিন্দা বাসার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিলকিস খাতুন হাঁটতে বের হন। এ সময় মোটরসাইকেল চালক মো. জাব্বারুল (৫৫) পেছন দিক থেকে তাকে ধাক্কা দেন। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জাব্বারুলও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।







