সারাদেশ
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ আহত ৭

মেহেরপুরের গাংনী উপজেলায় ওষুধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), সোনিয়া খাতুন (২৮), মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) এবং খোরশেদ আলীর ছেলে রায়হান (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, করমদী গ্রাম থেকে বাওট গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ব্যাটারিচালিত পাখিভ্যানটি ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে পাখিভ্যানে থাকা সাতজনই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







