সারাদেশ
মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৪২/৫-এস সাব-পিলারের কাছে শূন্যরেখার ওপারে সাতজনকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি কঠোর অবস্থান নেয়। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়।
স্থানীয়দের দাবি, পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, “গতকাল মধ্যরাতের কোনো একসময় ওই সাতজনকে ভারতের কাঁটাতারের বাইরে এনে রাখা হয়। পরে তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে থাকলে আমরা তাদের দেখতে পাই। বিষয়টি বিজিবিকে জানাই এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিই।”
পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “বৃহস্পতিবার ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।”
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।”
সীমান্তে পুশইনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অব্যাহত রয়েছে।







