আন্তর্জাতিক
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নিহত ৬ সেনার নাম জানাল ভারত

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন সিন্ধুর’ চলাকালে কর্তব্যরত অবস্থায় নিহত ছয়জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন বিমানবাহিনীর সদস্য। এর মাধ্যমে সংঘাতের এক বছরের বেশি সময় পর এই প্রথম সেনা নিহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল নয়াদিল্লি।
শুক্রবার (২৬ জুন) ২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা সেনাদের নামের বার্ষিক তালিকার সঙ্গেই অপারেশন সিঁদুরের এই বীরদের নামও প্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে ছিলেন- ভারতীয় সেনাবাহিনীর সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যদের নাম ইতোমধ্যেই জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘রোল অব অনার’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং নয়াদিল্লির স্মৃতিসৌধের দেয়ালে ‘ত্যাগ চক্রে’ খোদাই করা হবে।
এই ‘ত্যাগ চক্র’ দেশটির জাতীয় বীর সেনাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এটি ১৬টি বৃত্তাকার গ্রানাইটের দেয়াল নিয়ে গঠিত; স্বাধীনতার পর ভারতের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী প্রত্যেক সৈনিকের নাম, পদমর্যাদা এবং ইউনিট এই দেয়ালগুলোর ইটে খোদাই করা আছে।
এদিকে নিহতদের মধ্যে দু’জনকে ইতোমধ্যেই মরণোত্তর বীরের সম্মান প্রদান করা হয়েছে। রাইফেলম্যান সুনীলকে দেওয়া হয়েছে বীর চক্র সম্মান। গত ৮ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ওই সম্মান গ্রহণ করেন ‘শহিদ’ সুনীলের মা-বাবা। আরও সার্জেন্ট সুরেন্দ্রকে দেওয়া হয়েছে বায়ুসেনা পদক।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করলেও ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান।
চার দিন ধরে এই রক্তক্ষয়ী সংঘাত ও ভারী গোলাবর্ষণ চলার পর ২০২৫ সালের ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে ভারত।







