সারাদেশ
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ফেরার পথে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানী সাজেদা খাতুন।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা দেশভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ নিতে স্বর্ণাকে নিয়ে তার মা ও নানি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে স্বর্ণা মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তার নানিও ভ্যান থেকে পড়ে আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবা উদ্দীন বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







