বিনোদন

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

ডেস্ক

শেয়ারঃ

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’- খবরের থাম্বনেইল ফটো

বর্ষা মৌসুমের শুরুতে কোক স্টুডিও বাংলা তাদের সিজন ৪-এর নতুন গান ‘মেঘ’ প্রকাশ করেছে। আষাঢ়ের আবহকে কেন্দ্র করে নির্মিত এই গানটি বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন।


‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি নির্মাণ করা হয়েছে। এতে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি ফুটে উঠেছে।


গানটির অন্যতম বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে এবং আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে ‘মেঘ’ পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতের আবেগের সমন্বয় গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।


গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সুর এবং নতুন ধারার সংগীতায়োজনের সমন্বয়ে তৈরি এই গান কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রয়াসকে তুলে ধরে, যার মাধ্যমে স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দেওয়া হচ্ছে।


বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছে ‘মেঘ’। শাস্ত্রীয় সংগীতের প্রভাব ও সমকালীন সংগীতের সংমিশ্রণে গানটি শ্রোতাদের জন্য বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে।


কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মেঘ’ এখন বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।


সম্পর্কিত খবর