আন্তর্জাতিক
বেলুচিস্তানে সন্ত্রাসীদের হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ২৫০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের ধারাবাহিক হামলা এবং নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে গত শনিবার থেকে এ পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। অপরদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় কমপক্ষে ৩৬ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর অন্তত ২২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।
দশকের পর দশক ধরে বেলুচিস্তানে বালুচ সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র বিদ্রোহ চলমান রয়েছে। আফগানিস্তান ও ইরান সীমান্তঘেঁষা খনিজসম্পদসমৃদ্ধ এই প্রদেশে প্রায়ই নিরাপত্তা বাহিনী, অন্যান্য প্রদেশ থেকে আগত পাকিস্তানি নাগরিক এবং বিদেশি স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটে।
গত সপ্তাহান্তে বেলুচিস্তানের বিভিন্ন জেলায় সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাংক, কারাগার, থানা ও সামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালায়। এর পর থেকে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।
রোববার প্রাদেশিক রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, হামলার শিকার হওয়া সব জেলা বর্তমানে নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “সন্ত্রাসীদের পিছু ধাওয়া করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা সামরিক স্থাপনার পাশাপাশি পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও আত্মঘাতী হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি বেলুচিস্তানে কর্মরত অন্যান্য প্রদেশের শ্রমিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনার ওপর হামলা বাড়িয়েছে।
উল্লেখ্য, গত বছর এই সংগঠনটি একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে দুই দিন অবরোধ করে রাখে, যেখানে প্রায় ৪৫০ যাত্রী আটকা পড়েছিলেন। ওই ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে।
এদিকে গত মঙ্গলবার জাতিসংঘ বেলুচিস্তানে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।








