আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ: 'আটটি যুদ্ধ মিটমাট করেও নোবেল পাইনি'

ডেস্ক

শেয়ারঃ

ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ: 'আটটি যুদ্ধ মিটমাট করেও নোবেল পাইনি'- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকানরা বিশ্বের যেকোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল এবং সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জিতেছে। এর পরপরই তিনি আক্ষেপের সুরে যোগ করেন, তবে, তারা আমাকে একটিও দেয়নি।


যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে মাউন্ট রাশমোরে বক্তব্য দেওয়ার সময় নিজের পুরোনো আক্ষেপের কথা নতুন করে তুলে ধরে তিনি এসব কথা বলেন। ট্রাম্প অভিযোগ করেন যে, ‘আটটি যুদ্ধ’ মিটমাট করা সত্ত্বেও তাকে এই পুরস্কার দেওয়া হয়নি; যদিও এটি তার প্রায়শই বলা একটি অতিরঞ্জিত দাবি।


উল্লেখ্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদানের জন্য এ পর্যন্ত ৪২০ জনেরও বেশি মার্কিন নাগরিক নোবেল পেয়েছেন, যা বিশ্বে সর্বোচ্চ। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এমনকি নিজের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকের অনেকটা সময় তিনি শান্তি পুরস্কার পাওয়ার জন্য প্রকাশ্যে তদবিরও করেছিলেন। গত জানুয়ারিতে তিনি মন্তব্য করেছিলেন যে ইতিহাসে তার চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই।


তবে শেষ পর্যন্ত ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। গত জানুয়ারিতে তিনি তার মেডেলটি ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নিলেও নোবেল কমিটি দ্রুতই স্পষ্ট করে দেয় যে, এটি সম্পূর্ণ একটি প্রতীকী বিষয় মাত্র। সেসময় এক বিবৃতিতে কমিটি জানায়, পদক বা পুরস্কারের অর্থ যার কাছেই যাক না কেন, ইতিহাসে প্রকৃত বিজয়ী হিসেবে মূল প্রাপকের নামই লিপিবদ্ধ থাকবে।


সম্পর্কিত খবর