আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যোগ দেবে না ইতালি: মেলোনি

ডেস্ক

শেয়ারঃ

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যোগ দেবে না ইতালি: মেলোনি- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে ইতালি অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোশীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।


মেলোনি বলেন, ‘ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে; আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না’।


তিনি আরও জানান, কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ না নিলেও, ইতালি তার মিত্র দেশ এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত নিজস্ব সেনা ও নাগরিকদের সুরক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রতিরক্ষামূলক সহযোগিতা দেওয়ার কথা বিবেচনা করছে।


সামরিক সংঘাত এড়িয়ে মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ রোধ করতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে মেলোনি সরকার।


এরআগে গত মার্চ মাসেও ইরান যুদ্ধ চলাকালীন মার্কিন যুদ্ধবিমানকে তাদের সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি, যা ক্ষুব্ধ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এ নিয়ে মেলোনি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন তিনি।


প্রসঙ্গত, ইরান যুদ্ধের শুরু থেকেই ইউরোপীয় ও ন্যাটো মিত্রদের সাহায্য কামনা করে আসছেন ট্রাম্প, তবে ইতালির মতোই জার্মানি, স্পেন এবং সুইজারল্যান্ডের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশও ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে গেছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।


সম্পর্কিত খবর