সারাদেশ

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

ডেস্ক

শেয়ারঃ

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।


বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজ (গরমাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রাজাপুর থেকে গরমাটি অভিমুখে যাত্রী নিয়ে একটি ইজিবাইক যাচ্ছিল। পথিমধ্যে রাজাপুর অনার্স কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রান্টু মিয়া নিহত হন।


এ সময় ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৈলক্ষ ও শিপন নামে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।


বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।


পুলিশ জানায়, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর