সারাদেশ

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডেস্ক

শেয়ারঃ

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সবুজ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।


শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির উত্তর পাশের সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


তিনি জানান, উদ্ধারকালে সবুজের পরনে ধূসর রঙের একটি গেঞ্জি ও নেভি ব্লু রঙের হাফ প্যান্ট ছিল। তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।


তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিহতের স্ত্রী মোছা. মিতু খাতুন বলেন, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পান তারা।


স্থানীয় কয়েকজনের দাবি, সবুজের হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ বা অন্য কোনো কারণ থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।


সম্পর্কিত খবর