আন্তর্জাতিক
ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দ দিল যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার পর সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
নতুন এই তহবিলের মাধ্যমে যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ ইহুদি বসবাস করে, সেখানে ৫০০ জনের বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে শুধু লন্ডনেই থাকবেন ৩০০ জন পুলিশ সদস্য।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এছাড়া সিনাগগ (ইহুদিদের উপাসনালয়) ও ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে পুলিশ টহল বাড়ানো হবে।
পাশাপাশি সাদা পোশাকে আরও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) যেভাবে বেড়েছে, তা আমাদের জাতীয় মূল্যবোধের জন্য একটি বড় পরীক্ষা। ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই এ সমস্যা মোকাবিলা আমার নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার।’
তিন বছর মেয়াদি এই কর্মসূচির অর্থের একটি অংশ ইহুদিবিদ্বেষ প্রতিরোধে জনসচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় করা হবে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ম্যাট জুকস বলেন, ‘ঘৃণাপ্রসূত অপরাধ, সন্ত্রাসবাদ ও বৈরী রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের কারণে ইহুদি সম্প্রদায় বর্তমানে ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।’
গত এপ্রিলের শেষ দিকে লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ছুরিকাঘাতে দুই ইহুদি আহত হন। এখানে বিপুলসংখ্যক ইহুদি বসবাস করেন। পুলিশ ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে।
বসন্তকালে ইহুদিদের লক্ষ্য করে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে লন্ডনের কয়েকটি সিনাগগে অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনাও ছিল।
এর আগে, ২০২৫ সালের অক্টোবরে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলায় দুই জন নিহত হয়।
সরকার জানিয়েছে, ঘোষিত অর্থের মধ্যে ৫৯ মিলিয়ন পাউন্ড সন্ত্রাসবিরোধী পুলিশ ইউনিটের জন্য বরাদ্দ করা হবে। এই অর্থ রাষ্ট্রীয় হুমকি মোকাবিলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে ব্যয় করা হবে।
এপ্রিলের গোল্ডার্স গ্রিন হামলার পর প্রধানমন্ত্রী স্টারমার অতিরিক্ত অর্থায়নের প্রতিশ্রুতি দেন।
তিনি অভিযোগ করেন, ইরান ‘ব্রিটিশ ইহুদিদের ক্ষতি করার চেষ্টা করছে’।
গত মে মাসে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ ও ঘৃণাপ্রসূত হামলা মোকাবিলায় ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দেয়।







