আন্তর্জাতিক
জর্ডানে দুই সেনাঘাঁটিতে হামলায় আহত বহু মার্কিন সেনা

ছবি : সংগৃহীত
জর্ডানের দু’টি সেনাঘাঁটিতে গত এক সপ্তাহে একাধিকবার ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছেন। তবে কত জন আহত হয়েছেন, সেই সংখ্যাটি এখনও স্পষ্ট নয়।
মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিবিএস নিউজ। গত দু’সপ্তাহে পশ্চিম এশিয়ায় আবার নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে।
আমেরিকা এবং ইরান দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার ধার বাড়িয়েছে। আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটিগুলিকে নিশানা করছে ইরান।
কুয়েত, কাতার, বাহরাইন এবং জর্ডানে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে পর পর হামলা চালাচ্ছে তারা।
সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে জর্ডানে দু’টি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই হামলায় আহত হয়েছেন বেশ কিছু মার্কিন সেনা। তবে কারও প্রাণহানি হয়নি বলে সূত্রের দাবি।
শুক্রবার রাতে তেহরান লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা। সেই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরান সেনাবাহিনীর। আহত হয়েছেন অনেকে।
তেহরানের অভিযোগ, মার্কিন সেনারা জনবসতি এলাকাগুলিকে নিশানা করছে ইচ্ছা করে। রাতভর সংঘর্ষ চলে দু’পক্ষের। শনিবার সকালেও মার্কিন হামলা অব্যাহত থাকে।
পাশাপাশি, কুয়েতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সে দেশে বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। একটি জল শোধনাগারকেও নিশানা করা হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় বলে জানিয়েছে কুয়েত প্রশাসন।
অন্য দিকে, শনিবার সকালে হরমুজে দু’টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়। এই ঘটনার জন্য আমেরিকাকেই দায়ী করেছে তেহরান।







