আন্তর্জাতিক
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার সাঁটানোর অভিযোগে ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের রাজস্থানের পুষ্কর শহরে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার সাঁটানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটক লুইস গ্যাব্রিয়েল ডি ও আনুশি এম্মা ক্রিস্টিনকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকার কারণে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন।
রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি শহরের বিভিন্ন স্থানে স্টিকার লাগানোর খবর আসে। স্টিকারে লেখা ছিল—“ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েলকে বর্জন করুন।” প্রশাসন বলেছে, বিদেশি নাগরিকরা যদি ভারতের মাটিতে অন্য দেশের প্রতি অসম্মানজনক কার্যক্রমে যুক্ত হন, তা ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হয়।
পুলিশ জানায়, নোটিশ দেয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ভিসা বাতিল করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশটি ভ্রমণ থেকে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
পুষ্কর শহর ইসরায়েলিদের মধ্যে জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ইসরায়েলি সেনারা ছুটি কাটাতে এ শহরে আসে এবং স্থানীয় হাসিদিক ইহুদিদের সংগঠন চাবাদে নিয়মিত যায়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ‘ফ্রি প্যালেস্টাইন’–এর আহ্বান তীব্র হয়েছে, যেখানে হাজারো ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের নীতি অনুযায়ী ইসরায়েলের কর্মকাণ্ডের সরাসরি সমালোচনা এ দেশ থেকে সীমিত। পাশাপাশি, ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।








