আন্তর্জাতিক
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি উচ্ছেদ অব্যাহত, ৯০০-এর বেশি বাস্তুচ্যুত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসের শুরু থেকে ৯০০-এর বেশি ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ডুজারিক জানান, উচ্ছেদের প্রধান কারণ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ধ্বংসযজ্ঞ এবং প্রবেশাধিকারে বিধিনিষেধ। ২০ জানুয়ারি থেকে গত সোমবার পর্যন্ত বসতি স্থাপনকারীরা ৫০টির বেশি হামলা চালিয়েছে, যার ফলে হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে।
তিনি অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরে বলেন, “বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সব পক্ষকে দায়িত্ব পালন করতে হবে।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকায় অঞ্চলটির মানবিক সংকট তীব্র হয়েছে।








