জাতীয়
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে পুলিশ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে শাহবাগের উদ্দেশে একটি মিছিল নিয়ে রওনা দেয়। মিছিলটি সাইন্সল্যাব মোড়ে আসলে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় শিক্ষার্থীরা। এরপর পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
শিক্ষার্থী মুনতাসির বলেন, আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে একটি র্যালি বের করেছিলাম। এর কারণে নাকি পুলিশ আমাদের ওপর রাগ করেছে। তারা স্যারদেরকে জানালে স্যারেরা আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।
তিনি আরো বলেন, পুলিশ ছাত্রদের গায়ে হাত দিয়েছে। এসময় ছাত্র রূপে ছাত্রলীগ বা অন্য কোনো দল থেকে আউটড্রেসে এসে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ মনে করছে আমরা মারছি।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়েছিল। পুলিশ আমাদের ফোন দিয়ে বলল আমাদের ছাত্ররা ঐদিকে (সাইন্সল্যাব) গিয়েছে। এরপর পুলিশ নাকি তাদের ধাওয়া দিয়েছে; আমাদের বলেছে তারা নাকি গেইটের দিকে আছে।
এরপর গেইটের সামনে থাকা কিছু শিক্ষার্থীদের ধরে আমরা ইন্টারোগেশন করেছি ওরা নাকি হাদির ইস্যুতে মিছিল করছিল।








