ক্যাম্পাস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত শিক্ষার্থী। এর মধ্যে ২০১৯ সালে তিনজন, ২০২০ সালে একজন এবং ২০২১ সালে তিনজন এ স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন।


ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে তা পুনরায় যাচাই শেষে ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ইউজিসির ওয়েবসাইটের সম্মাননা সেবা অংশে এ তালিকা প্রকাশ করা হয়েছে।


চূড়ান্ত তালিকায় রুয়েটের সাতজনের মধ্যে ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের তিন সাবেক শিক্ষার্থী। তাঁরা হলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহীনুর আলম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জাহিদ হাসান এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মো. মায়েনুল ইসলাম।


২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থী তামান্না সুলতানা স্বর্ণা। আর ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের তিন সাবেক শিক্ষার্থী। তাঁরা হলেন যন্ত্রকৌশল বিভাগের মিফতাহুল মবিন চৌধুরী, পুরকৌশল বিভাগের সুমাইয়া তাবাসসুম এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মহিউদ্দিন আহমেদ।


মনোনীত শিক্ষার্থীদের কয়েকজন বর্তমানে দেশ-বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। মো. শাহীনুর আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনের কৃষি ও জৈব প্রকৌশল বিভাগে পিএইচডি করছেন।


জাহিদ হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব প্ল্যানিং অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।


মিফতাহুল মবিন চৌধুরী রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।


অন্যদিকে মহিউদ্দিন আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, সুমাইয়া তাবাসসুম পুরকৌশল বিভাগ, মো. মায়েনুল ইসলাম তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ এবং তামান্না সুলতানা স্বর্ণা স্থাপত্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।


ইউজিসির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মোট ৪৬৯ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে রুয়েটের সাতজন, যা মোট মনোনীত শিক্ষার্থীর প্রায় ১ দশমিক ৪৯ শতাংশ।


চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী রয়েছেন।


প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১১, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। এ চার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩১ জনের নাম রয়েছে।


প্রধানমন্ত্রী স্বর্ণপদক ইউজিসির প্রবর্তিত জাতীয় পর্যায়ের একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য ২০২২ সালে মনোনয়ন আহ্বান করা হয়। আবেদন যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে তথ্য পুনঃযাচাই শেষে সম্প্রতি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।


▌সম্পর্কিত খবর