জাতীয়

ঋণখেলাপিদের সংসদে দেখতে চায় না মানুষ: আজহারুল ইসলাম

ডেস্ক

শেয়ারঃ

ঋণখেলাপিদের সংসদে দেখতে চায় না মানুষ: আজহারুল ইসলাম- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আগামী ১২ তারিখ ব্যালট যুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ প্রমাণ করবে তারা আর অন্যায় ও অশান্তি চায় না। তারা কোনো দুর্নীতিগ্রস্ত বা ঋণখেলাপি ব্যক্তিকে সংসদে দেখতে চায় না।’


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বদরগঞ্জ উপজেলার শাহাপুর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা বিভেদ নয়, বরং ঐক্যের রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ১২ ফেব্রুয়ারি ফয়সালা হবে আমরা শোষণমুক্ত বাংলাদেশ চাই কি না। ৫৪ বছরের অব্যবস্থাপনার ক্ষোভ থেকে মুক্তি পেতে মানুষ এবার ১১ দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়েছে।’


নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে আল্লাহর ভয়ে কখনো দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার এক শতক জমিও নেই। চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সারাজীবন সততার সাথে পথ চলেছি। আপনারা যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, তবে আমার জীবন আপনাদের সেবায় বিলিয়ে দেব।’


বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যে দলের ৫০ জনেরও বেশি প্রার্থী ঋণখেলাপি, তাদের হাতে দেশের অর্থ নিরাপদ নয়। স্বৈরাচারের আমলে জামায়াতের ১১ জন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে, অথচ তখন বিএনপির কাউকে পাওয়া যায়নি। আজ তারা বড় বড় কথা বলে মাঠ গরম করছে।’


দেশ রক্ষার অধিকার বুঝে নিতে আগামী ১১ তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত টানা ৭২ ঘণ্টা নির্ঘুম থেকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সবশেষে তিনি 'দাঁড়িপাল্লা' প্রতীকে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা করেন।


সম্পর্কিত খবর