ক্যাম্পাস

আন্দোলনের পর নতুন ট্রাস্টি বোর্ড, ১৫ অক্টোবর ক্লাসে ফিরছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ফেনী

শেয়ারঃ

আন্দোলনের পর নতুন ট্রাস্টি বোর্ড, ১৫ অক্টোবর ক্লাসে ফিরছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

দীর্ঘদিনের আন্দোলন ও ক্লাস বর্জনের পর ফেনী ইউনিভার্সিটিতে নতুন কার্যনির্বাহী বোর্ড অব ট্রাস্টিজ (BoT) কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত এবং নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব উদ্যোগের পর আগামী ১৫ অক্টোবর থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।


বিশ্ববিদ্যালয়ের প্রেস নোটিশ অনুযায়ী, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজ (BoT) এর জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১১ অক্টোবর শিক্ষার্থীদের সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের বৈঠক অনুষ্ঠিত হয়।


নতুন কমিটিতে মোহাম্মদ নূরন নেওয়াজ সেলিমকে সভাপতি এবং ড. এ. কে. এম. শহীদ রেজাকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুস সাত্তারকে বিশেষ পরামর্শক করা হয়েছে। এ ছাড়া আব্দুর রইছ কাইজার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।


প্রেস নোটিশে আরও জানানো হয়, প্রশাসনিক দুই কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হবে। শিক্ষক সুদীপ দাসসহ আরও চারজনের বিষয়ে আগের তদন্ত কমিটির প্রতিবেদন পরবর্তী বোর্ড অব ট্রাস্টিজ (BoT) সভায় উপস্থাপন করে সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে, আগামী ১৫ দিনের মধ্যে উপাচার্য পদের জন্য সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের অন্যান্য দাবিও আলোচনা ও মতামতের ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।


শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সমস্যার সমাধান এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন। নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশায় ১৫ অক্টোবর থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।


দীর্ঘদিনের আন্দোলনের পর নতুন কমিটি গঠন ও প্রশাসনিক পদক্ষেপের মধ্য দিয়ে ফেনী ইউনিভার্সিটিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের বাকি দাবিগুলোর বাস্তবায়ন ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতির দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।


▌সম্পর্কিত খবর