জাতীয়
‘বিএনপি জনগণের পালস বুঝতে পারেনি, নির্বাচনে তাদের ভূমিধস পরাজয় হবে’

পিরোজপুর-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে। কারণ তারা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তারা জনগণের পালস্ বুঝতে পারে না। তাই তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জামায়াতের আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
সাঈদী পুত্র বলেন, ৫৪ বছর যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দেশের জন্য কাজ করেনি। তাই দেশ ও জনগণের কাঙ্ক্ষিত সফলতা ও উন্নয়ন হয়নি। আমরা এখনও কাঙ্ক্ষিত মূল ধারায় প্রবেশ করতে পারিনি। এখনই মোক্ষম সময় একটি কাঙ্ক্ষিত সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর। দীর্ঘদিন আমরা যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি তারা এখন তাদের পথ পরিবর্তন করে ফ্যাসিবাদের দোসরদের মতো আচরণ করছে। দেশের মানুষ এটা পছন্দ করে না, তারা এটা চায় না।
মাসুদ সাঈদী বলেন, সারাদেশে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তাই সারাদেশের মানুষ বলছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা আপনাদের খাদেম হব। যেমন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১০ বছর আপনাদের খাদেম ছিলেন। আমরাও তেমনি খাদেম হয়ে আপনাদের পাশে থাকতে চাই। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীকে ঢেলে সাজাতে চাই। এ এলাকায় শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করতে চাই। রাস্তা-ঘাট, বেড়িবাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই।
সমাবেশে জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মো. নাসির উদ্দীন ওসমানী, আল্লামা সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খান, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবুল হালদার, জামায়াতের পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈম, সদ্য জামায়াতে যোগদানকারী জেলা বিএনপি নেতা মো. ফারুক হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলামসহ অনেকে।








