সারাদেশ

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে লরিচাপায় নিহত ৫

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে লরিচাপায় নিহত ৫- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গতরাতে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিয়েছে একটি কনটেইনারবাহী লরি। এ ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।


আজ বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। রয়েল সিমেন্ট গেট এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।


পরে চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন।


এমন সময় ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।


ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালের ২, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে চকিৎসাধীন রয়েছে।


চিকিৎসাধীন অবস্থায় আজহারুলের স্ত্রী ফাতেমা (৪০) ও সন্তান রাকিব (৮) এর মৃত্যু হয়। তাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার সীবাশ্রম এলাকায়। 


এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনার মদন উপজেলার বড়কান্দা এলাকার আবুল হোসেন (৫০)। এ ছাড়া সীবাশ্রম এলাকার আজহারুল (৪২), তার বাবা ফিরোজ মিয়া ও মা চন্দ্র আক্তার আহত হয়েছেন।


আহতদের মধ্যে আরও এক নারীসহ দুজনকে অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালে নথিভুক্ত করা হয়েছে। দুর্ঘটনাস্থলে নিহত বাকি তিনজনের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।


▌সম্পর্কিত খবর