সারাদেশ
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ৯৭৮

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৯৭৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬০ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৫১ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৭০ জন, পরোয়ানা মূলে ১৩৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ২১ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মাদক বহনকারী ও ৬৭ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ হাজার ৬১০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এসময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ৫ হাজার ২৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১ কেজি ৬৪০ গ্রাম গাঁজা, ১১৬ লিটার চোলাই মদ, ৭০ বোতল বিদেশি মদ এবং ১০৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুরে ১, নোয়াখালীতে ২, লক্ষ্মীপুরে ১, ফেনীতে ১ এবং খাগড়াছড়িতে ২ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মুচলেকা নিয়ে ৩৬০ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা : চট্টগ্রাম ৯৮, কক্সবাজার ১৬, কুমিল্লা ২৩৬, ব্রাহ্মণবাড়িয়া ১৪, চাঁদপুর ২৮, নোয়াখালী ২৪, ফেনী ৩৪, লক্ষ্মীপুর ৩৫, রাঙ্গামাটি ১৫, খাগড়াছড়ি ১২ এবং বান্দরবান ৫ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।







