জাতীয়
জাবির সাবেক ছাত্রদল নেতা অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

সাভারে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এস এম গালিব ইমতেয়াজ নাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা।
এসময় মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু নামে আরও দুজনকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প।
সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকবছর আগেও নাহিদকে অস্ত্রসহ সাভারের রেডিও কলোনী এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








