আন্তর্জাতিক

চাঁদে স্বয়ংসম্পূর্ণ শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের

ডেস্ক

শেয়ারঃ

চাঁদে স্বয়ংসম্পূর্ণ শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের- খবরের থাম্বনেইল ফটো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক চাঁদে একটি স্বয়ংসম্পূর্ণ শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স বর্তমানে চাঁদে মানব বসতি স্থাপনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী এক দশকের মধ্যেই এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলে তারা আশাবাদী। খবর বার্তা সংস্থা রয়টার্স।


রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, স্পেসএক্স এখনও ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য থেকে সরে আসেনি। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মানবসভ্যতার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান বিবেচ্য, যার অংশ হিসেবে দ্রুত চাঁদে মানুষের উপস্থিতি নিশ্চিত করার দিকে জোর দেওয়া হচ্ছে।


এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে আপাতত মঙ্গল গ্রহে অভিযান স্থগিত রেখে চাঁদকেন্দ্রিক কর্মসূচিতে মনোযোগ বাড়ানো হচ্ছে। মঙ্গল গ্রহে শহর গড়ার পরিকল্পনা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে।


রয়টার্স জানায়, স্পেসএক্স ২০২৭ সালের মার্চ মাসে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এই অভিযান সফল হলে চাঁদে স্থায়ী মানব বসতি গড়ার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এদিকে, সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন যে তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্যায়ন ধরা হয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার এবং এক্সএআই-এর মূল্য প্রায় ২৫ হাজার কোটি ডলার বলে জানা গেছে।


বিশ্লেষকদের মতে, চাঁদে শহর গড়ার এই পরিকল্পনা শুধু মহাকাশ গবেষণার নতুন দিগন্তই উন্মোচন করবে না, বরং ভবিষ্যতে মানবজাতির জন্য বিকল্প আবাসস্থল তৈরির ধারণাকে আরও বাস্তবসম্মত করে তুলতে পারে।


সম্পর্কিত খবর