আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রশ্নই ওঠে না: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা চাপের মুখে তেহরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না। তিনি বলেন, ইরান যুদ্ধের হুমকিতে ভয় পায় না এবং নিজের সার্বভৌম অধিকার রক্ষায় কোনো আপস করবে না। খবর এএফপি।
রোববার তেহরানে এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে আরাগচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের আস্থার জায়গা অত্যন্ত সীমিত। তার ভাষায়, যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনাকে গুরুত্ব দিচ্ছে কি না, তা নিয়ে তেহরানের গভীর সন্দেহ রয়েছে। তিনি জানান, পরমাণু ইস্যুতে ইরান নিয়মিতভাবে চীন ও রাশিয়ার সঙ্গে পরামর্শ করছে, যারা এ ক্ষেত্রে তেহরানের ‘কৌশলগত অংশীদার’ হিসেবে ভূমিকা রাখছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈধ অধিকার এবং এ বিষয়ে অন্য কোনো শক্তির শর্ত মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। যুদ্ধ চাপিয়ে দেওয়ার হুমকি দিলেও ইরান তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না বলে তিনি জোর দেন। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েন প্রসঙ্গে আরাগচি বলেন, এসব সামরিক তৎপরতায় ইরান ভীত নয়।
প্রসঙ্গত, গত বছরের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘর্ষের পর গত শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। ইরান এ আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। আরাগচির মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে আস্থা তৈরির পরিবেশ সৃষ্টি হতে পারে।
পশ্চিমা দেশ ও ইসরাইল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বরাবরের মতো তা নাকচ করেছে। আরাগচি বলেন, ইরান কোনো পারমাণবিক বোমা চায় না; তাদের পারমাণবিক কর্মসূচি মূলত পরাশক্তিদের অন্যায় চাপের বিরুদ্ধে ‘না’ বলার সক্ষমতার প্রতীক।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয় আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছে। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, পারমাণবিক কর্মসূচির বাইরে আলোচনার পরিধি বাড়ানো কিংবা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন নেই।








