জাতীয়

জনগণের ভোটে যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তারাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: হাফিজ উদ্দিন

ডেস্ক

শেয়ারঃ

জনগণের ভোটে যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তারাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: হাফিজ উদ্দিন- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ধানের শীষের প্রার্থী হাফিজ উদ্দিন বলেছেন, দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না। যেসব রাজনৈতিক শক্তির জনগণের ভোটে সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই, তারাই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।


সোমবার বিকেলে ভোলার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচন পণ্ড করার উদ্দেশ্যে ওই মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সরকারের একটি অংশ তাদের মদদ দিচ্ছে। তাঁর ভাষায়, এসব গোষ্ঠী মূলত গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথ তাদের জন্য বন্ধ—এ বাস্তবতা উপলব্ধি করেই তারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ক্ষেত্রে প্রতিবেশী একটি রাষ্ট্রের ইন্ধনও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী। জনগণই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বর্তমান সরকারকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের মেয়াদ আর খুব বেশি নেই—মাত্র এক সপ্তাহ। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি বা গুরুত্বপূর্ণ চুক্তি করা শোভনীয় নয়।


নির্বাচনের মাধ্যমে যে সরকারই জনগণের ম্যান্ডেট পাবে, তারাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও চুক্তি করার অধিকার রাখে। জনগণ এ ধরনের তৎপরতা ভালো চোখে দেখছে না বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত।


সম্পর্কিত খবর