জাতীয়
আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব: প্রধান উপদেষ্টাকে হাদির স্ত্রী

সরকারের কাছ থেকে চাকরির প্রস্তাব পেয়ে নাকচ করে দিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। হাদির স্ত্রী এও জানিয়েছেন, তিনি নিজ যোগ্যতায় চাকরি নেবেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই চাকরির প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন হাদির স্ত্রী।
প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়টি তোলে ধরে ফেসবুকে এক পোস্টে হাদির স্ত্রী শম্পা লেখেন, ‘আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব।’
‘আপনি (প্রধান উপদেষ্টা) ফিরনাস জন্য (ফ্ল্যাট প্রদান) করেছেন অনেক শুকরিয়া’, পোস্টে যোগ করেন শম্পা।
পোস্টের শুরুতে হাদির স্ত্রী লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোন গুলোকে নির্যাতনের স্বীকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর।’
তিনি লেখেন, ‘যাই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপএ হস্তান্তর এর জন্য আমাদের আসতে বলা।’
শম্পা লেখেন, ‘আমি তাকে (প্রধান উপদেষ্টা) স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচার এর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন না হলে আমার ফিরনাস কোন কিছুই গ্রহণ করবে না।’
‘তিনি আমাকে আস্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদি কে সঠিক বিচার পাইয়ে দিতে,’ লেখেন তিনি।
হাদির স্ত্রী আরও লেখেন, ‘আমার ভাইবোন গুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি (প্রধান উপদেষ্টা) দুঃখ প্রকাশ করেছেন। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিক ভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি।’
গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রতিশ্রুতি অনুযায়ী, হাদির পরিবারকে আজ ঢাকার লালমাটিয়া এলাকার একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।








