জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে সরব ৩ প্রার্থীকে সমর্থন জাবেরের

ডেস্ক

শেয়ারঃ

হাদি হত্যার বিচারের দাবিতে সরব ৩ প্রার্থীকে সমর্থন জাবেরের- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ নির্বাচনি এলাকায় রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের প্রতি শুভকামনা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। একইসঙ্গে ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী, ঢাকা-১৮আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির প্রতি সমর্থন জানান তিনি।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ সমর্থনের কথা জানান।


যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই বার্তায় আব্দুল্লাহ আল জাবের লেখেন, মহিউদ্দিন রনি, নাসিরউদ্দিন পাটোয়ারী কিংবা হাবিবুর রশিদ হাবিব ভাই—১২ তারিখের নির্বাচনে এদের কেউ আদৌ জিতবেন কিনা জানি না। দল হিসেবে ৩ জনের পজিশনও ভিন্ন। একজন স্বতন্ত্র, একজন এনসিপির, একজন বিএনপির। একটা জায়গায় তারা খুব স্বতঃস্ফূর্ত ছিলেন, হতে পারে সেটা নির্বাচনের জন্য কিংবা সত্যিকার ইনসাফ কায়েমের জন্য। তারা খুব বোল্ডলি হাদি হত্যার বিচার চেয়েছেন এবং ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।


তিনি লেখেন, আমরা তাদের জন্য ভোট চাই না। আপনি অবশ্যই আপনার দৃষ্টিতে যাকে সব থেকে সৎ এবং যোগ্য মনে হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।


পোস্টে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, তবে যে বা যারাই হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন, ইনসাফের লড়াইয়ে অকুতোভয় থাকবেন, আপনাদের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে।


তিনি আরও উল্লেখ করেন, যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেই যাবে, ইনশা আল্লাহ।


সম্পর্কিত খবর