জাতীয়

মিশিগানে স্থায়ী কনসুলেট স্থাপনে অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ

ডেস্ক

শেয়ারঃ

মিশিগানে স্থায়ী কনসুলেট স্থাপনে অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সেখানে একটি স্থায়ী বাংলাদেশ কনসুলেট স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমোদনের আবেদন করা হয়েছে।


ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক টাউন হল সভায় এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মিশিগানে কনসুলেট স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল প্রশাসনিক ও প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে কনসুলেট অফিস চালু করা সম্ভব হবে।


রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, মিশিগানে স্থায়ী কনসুলেট স্থাপিত হলে ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট, ভিসা, কনস্যুলার সেবা ও অন্যান্য সরকারি কার্যক্রম দ্রুত ও সহজভাবে গ্রহণ করতে পারবেন। এতে প্রবাসীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং দূতাবাসের সেবাও আরও সম্প্রসারিত হবে।


টাউন হল সভায় প্রবাসী প্রতিনিধিরা কনসুলেট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত অনুমোদন প্রাপ্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, মিশিগানসহ আশপাশের অঙ্গরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাস থাকায় সেখানে স্থায়ী কনসুলেট স্থাপন সময়োপযোগী পদক্ষেপ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিয়োগের মাধ্যমে দ্রুত কনসুলেট কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর