জাতীয়
ফেনীতে যুবদল নেতার খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফেনী সদর উপজেলায় একটি গরুর খামার থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ছুরি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে অবস্থিত একটি গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১টি ছুরি উদ্ধার করা হয়।
খামারটি উপজেলা যুবদল নেতা বদরুল আমীনের বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা দাবি করেন, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে সংশ্লিষ্ট একটি মহল অস্ত্রটি সেখানে সরিয়ে রাখতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বলেন, উদ্ধারকৃত পিস্তল ও অন্যান্য সামগ্রী আইনগত প্রক্রিয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








