আন্তর্জাতিক
গাজা অভিমুখে আবার যাত্রা করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরও বড় বহর

গত বছর গাজায় পৌঁছানোর চেষ্টা করা ফিলিস্তিনপন্থী কর্মীদের একটি নৌবহর আগামী মাসে আবারও অবরুদ্ধ এই ভূখণ্ডের উদ্দেশে যাত্রা করবে বলে শুক্রবার এএফপিকে জানিয়েছেন সংগঠনের এক সদস্য।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ২৯ মার্চ নির্ধারিত নতুন এই মিশনটি হবে ‘ফিলিস্তিনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত মানবিক উদ্যোগ’, যেখানে ‘১০০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার মানুষ’ অংশ নেবেন।
ব্রাজিলীয় কর্মী থিয়াগো আভিলা বলেন, ‘আমরা বার্সেলোনা, তিউনিশিয়া, ইতালি এবং আরও কয়েকটি বন্দর থেকে যাত্রা করব, যেগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি।’
সংগঠনটি জানায়, একই দিনে গাজার উদ্দেশে একটি স্থলপথের বহরও যাত্রা শুরু করবে, তবে সেটি কোথা থেকে রওনা দেবে— তা স্পষ্ট করা হয়নি।
গত অক্টোবরে এসব কর্মী সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিয়ে গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েল তাদের পথরোধ করে, আটক করে এবং পরে বহিষ্কার করে।
ইসরায়েল গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং সেখানে প্রবেশকারী সব ধরনের ত্রাণ কঠোরভাবে যাচাই করে।
কর্মীরা তাদের এই উদ্যোগকে ‘গাজায় গণহত্যা, অবরোধ, ব্যাপক অনাহার এবং বেসামরিক জীবনের ধ্বংসের বিরুদ্ধে একটি অহিংস প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন।








