জাতীয়
সৈয়দপুর বিমানবন্দর-কাণ্ডে উত্তেজনা: বিএনপির অভিযোগ, এটি বিচ্ছিন্ন নয়

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বুধবার বিকেলে গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সৈয়দপুর বিমানবন্দর-কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে।
মাহদী আমিন বলেন, ‘‘আজ সকালে আমরা গণমাধ্যমে দেখেছি, সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে আসার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেন প্রতিহত করতে দেশের সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় এমন বিপুল অর্থের উপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্নের সৃষ্টি করে।’’
তিনি আরও বলেন, ‘‘টানা চার দিন দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় এত বড় পরিমাণ অর্থ কিসের জন্য ব্যবহৃত হতে পারে, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি আচরণবিধি লঙ্ঘন এবং গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলির অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন উঠতে পারে—টাকা দিয়ে ভোট কেনা তাদের দুর্নীতিবিরোধী বক্তব্যের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?’’
মাহদী আমিন আরও জানান, এই ঘটনা শুধু সৈয়দপুরেই সীমিত নয়। জামায়াতের কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় অনুরূপভাবে চলমান। তিনি বলেন, ‘‘জামায়াত বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গিয়ে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে। দেশের বিভিন্ন জায়গায় তারা ভীতি ছড়াচ্ছে, দেশি অস্ত্র, বাঁশ এবং পাইপ ব্যবহার করছে। পাশাপাশি নারীদের বোরখা ও নিকাব বানানোর তথ্যও পাওয়া গেছে।’’
সংবাদ সম্মেলনে মাহদী আমিন এই ঘটনায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘বিএনপি বিশ্বাস করে, ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে নারীর আব্রু ও পর্দার প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে কোনো পক্ষ যদি এই পোশাককে অপব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তবে তা প্রতিরোধ করা প্রয়োজন।’’
তিনি বলেন, দেশি-বিদেশি গণমাধ্যমেও ইতিমধ্যে নির্বাচনের চিত্র ফুটে উঠেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য।








